Facebook Twitter Instagram YouTube

ঘোষিত হলো ২০২৭ সালের হজ প্যাকেজ, বিমান ভাড়ায় বড় ছাড়


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ /
ঘোষিত হলো ২০২৭ সালের হজ প্যাকেজ, বিমান ভাড়ায় বড় ছাড়

২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত সরকারি হজ প্যাকেজ-১-এর আওতায় খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরিফের বাইরের চত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মিনায় জোন-৭-এর তাঁবুতে এবং 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সেবা পাবেন হাজিরা।

সাশ্রয়ী সরকারি হজ প্যাকেজ-২-এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ ক্ষেত্রে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এর তাঁবুতে এবং 'সার্ভিস প্যাকেজ-৩' অনুযায়ী সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৬৮ টাকা।

ধর্মমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবার হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে বিমান ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা এবং ২০২৫ সালে ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। এছাড়া মিনা-আরাফায় সেবা প্রদানের ক্ষেত্রে আগের চারটি সার্ভিস প্যাকেজের পরিবর্তে ২০২৭ সালে তিনটি প্যাকেজ রাখা হয়েছে এবং 'ডি' সার্ভিস প্যাকেজটি বাদ দেওয়া হয়েছে। হাজিদের সেবার মান নিশ্চিত করতে এবার 'বোর্ড ক্যাটাগরি' বাধ্যতামূলক করা হয়েছে।

বিদেশি প্রবাসীদের সুবিধার কথা উল্লেখ করে জানানো হয়, তারা যে দেশেই অবস্থান করুন না কেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। ভবিষ্যতে অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ তৈরির বিষয়েও সরকার কাজ করছে।

হজ নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর ২০২৬। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে প্রাথমিক নিবন্ধন হিসেবে ৩০ হাজার টাকা জমা দিতে হবে এবং পরবর্তীতে পুরো টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজে যাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী ২০২৭ সালের ৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে এবং ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh