
আদালতের নির্দেশ অমান্য ও আদালত অবমাননার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) শাহজাদপুর চৌকি আদালতের বিচারক শানু আকন্দ এই আদেশ প্রদান করেন। আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের একটি বিচারাধীন মামলায় গত ২৪ মে আদালত ইউএনও সাবরিনা শারমিনকে বাদীর ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজ বন্ধ না করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে গত ২১ জুন তিনি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাদীপক্ষ আদালত অবমাননার মামলা দায়ের করে।
আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে যে, মামলার নোটিশের জবাবে ইউএনও লিখিত আপত্তি দাখিল করেন। সেখানে তিনি আদালত, বিচারক এবং আদালতের আদেশ সম্পর্কে আপত্তিকর, অবমাননাকর ও আক্রোশমূলক মন্তব্য করেন। ইউএনওর বিরুদ্ধে বিচারককে মামলার বাদীপক্ষ হিসেবে আখ্যায়িত করা এবং আদালতের আদেশকে উদ্দেশ্যপ্রণোদিত ও যোগসাজশমূলক বলে মন্তব্য করারও অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে আদালত তার কাছে এসব বক্তব্যের ব্যাখ্যা চেয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি উপস্থিত হননি।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সাবরিনা শারমিনের আচরণ পেশাগত নৈতিকতা ও দায়িত্ববোধের পরিপন্থী। আদালত, বিচারক এবং আইনানুগ আদেশের প্রতি তার অশ্রদ্ধাশীল মনোভাব আইনের শাসনের পরিপন্থী। এ ধরনের আচরণ নিরুৎসাহিত করতেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, শাহজাদপুর চৌকি আদালতের নিরাপত্তার জন্য নির্মাণাধীন সীমানা প্রাচীরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল। অভিযোগ রয়েছে, জুন মাসে ইউএনও ক্ষমতার অপব্যবহার করে আদালতের নির্দেশ অমান্য করে কাজ বন্ধ করে দেন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে অভিযোগ করারও দাবি রয়েছে স্থানীয় সূত্রের। এ বিষয়ে ইউএনও সাবরিনা শারমিন জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত আদালতের আদেশের কপি হাতে পাননি, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
আপনার মতামত লিখুন :