
বর্তমান সময়ে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ব্যবহারকারীরা কেবল শক্তিশালী প্রসেসর বা উন্নত ক্যামেরার ওপরই নির্ভর করছেন না, বরং দীর্ঘ সময় ডিভাইসটি একই গতিতে কাজ করবে কি না, তা-ও সমান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গ্রাহকদের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে বাজারে নতুন স্মার্টফোন 'নোট ৬০ প্রো' নিয়ে এসেছে ইনফিনিক্স। প্রতিষ্ঠানটি দাবি করেছে, এই স্মার্টফোনটি ব্যবহারের ক্ষেত্রে টানা ৬ বছরের মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।
ডিভাইসটিতে রয়েছে ৭২ মাসের বিশেষ ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা ফোনটিকে দীর্ঘ সময় ব্যবহারের পরও দ্রুত ও নির্ভরযোগ্য রাখতে সহায়তা করবে। সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে ব্যবহারকারীরা ৩ বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং ৫ বছরের নিরাপত্তা আপডেট সুবিধা পাবেন।
ফোনটির পারফরম্যান্স ধরে রাখতে এতে যুক্ত করা হয়েছে ৩ডি আইসকোর ভেপার চেম্বার কুলিং সিস্টেম, যা গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময় অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া ব্যাটারির আয়ু ও স্থায়িত্ব বাড়াতে এতে রয়েছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি। প্রতিষ্ঠানটির তথ্যমতে, প্রতি ২০০টি চার্জিং সাইকেলের পর এই প্রযুক্তির মাধ্যমে ব্যাটারির স্বাস্থ্যের অতিরিক্ত ১ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব। দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতা ঠিক রাখতে এতে আরও যুক্ত করা হয়েছে অ্যাডাপ্টিভ বাইপাস চার্জিং প্রযুক্তি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্মার্টফোন নির্বাচনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, উন্নত কুলিং ব্যবস্থা এবং ব্যাটারির স্থায়িত্ব এখন মূল্যায়নের প্রধান মানদণ্ড হয়ে উঠেছে। ইনফিনিক্সের দাবি, এসব উন্নত প্রযুক্তিগত সুবিধার সমন্বয়ে নোট ৬০ প্রো শিক্ষার্থী, পেশাজীবী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য দীর্ঘদিন নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদানে সক্ষম হবে।
আপনার মতামত লিখুন :