Facebook Twitter Instagram YouTube

আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ ও তাণ্ডব


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ /
আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ ও তাণ্ডব

জেরুজালেমের ওল্ড সিটির ঐতিহাসিক আল-আকসা মসজিদে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে প্রায় ২০০ ইসরায়েলি বসতিস্থাপনকারী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-এর বরাত দিয়ে জানা গেছে যে, ইসরায়েলি বাহিনীর কড়া পাহারায় কট্টরপন্থী এই বসতিস্থাপনকারীরা মসজিদের আঙিনায় প্রবেশ করে এবং সেখানে উসকানিমূলক আচার-অনুষ্ঠান ও প্রার্থনা সম্পন্ন করে।

১৯৬৭ সাল থেকে কার্যকর আন্তর্জাতিক 'স্থিতাবস্থা' চুক্তি অনুযায়ী, তিন ধর্মের পবিত্র এই স্থানে অমুসলিমদের প্রবেশাধিকার থাকলেও সেখানে যেকোনো ধরনের প্রার্থনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। বসতিস্থাপনকারীদের এই আচরণ ওই চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমের একটি মালভূমিতে অবস্থিত আল-আকসা প্রাঙ্গণটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। মুসলিম বিশ্বাস অনুযায়ী, এখান থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মিরাজে গমন করেছিলেন। এই প্রাঙ্গণেই বিখ্যাত 'ডোম অব দ্য রক' বা কুব্বাত আস-সাখরা অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল এলাকাটি দখল করে এবং পরবর্তীতে তা নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি। ইহুদিদের কাছে এই স্থানটি 'টেম্পল মাউন্ট' নামে পরিচিত এবং তাদের ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত, যেখানে প্রাচীনকালে জেরুজালেমের ঐতিহাসিক উপাসনালয় ছিল বলে তারা বিশ্বাস করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh