Facebook Twitter Instagram YouTube

জাপানের কিউশুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ /
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেলে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সুনামি সতর্কতা জারি করেছে। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, কুমামোতোর পশ্চিম উপকূলের কাছে অবস্থিত আরিয়াকে উপসাগরের জন্য এই সতর্কতা দেওয়া হয়েছে। এলাকাটি রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। জেএমএ জানিয়েছে, ভূমিকম্পের পর সমুদ্রতীরে প্রায় ১ মিটার বা ৩ দশমিক ২৮ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পর জাপান সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে। এসব অঞ্চল কিউশু দ্বীপে অবস্থিত। কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, এই দুর্যোগের কারণে প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু সব ধরনের ট্রেন চলাচল, এমনকি উচ্চগতির বুলেট ট্রেনও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কাছাকাছি থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি। উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রতি পাঁচ মিনিটে গড়ে একটি ভূকম্পন অনুভূত হয় এবং বিশ্বে ৬.০ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প সেখানেই ঘটে। এর আগে প্রায় ১০ বছর আগে কুমামোতোতে আঘাত হানা এক ভয়াবহ ভূমিকম্পে ২৭৫ জন নিহত এবং ২ হাজার ৭৩৯ জন আহত হয়েছিলেন বলে সরকারি পরিসংখ্যানে উল্লেখ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy