Facebook Twitter Instagram YouTube

রাজধানীর বাজারে সবজির আকাশছোঁয়া দাম, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ /
রাজধানীর বাজারে সবজির আকাশছোঁয়া দাম, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ চরম বিপাকে পড়েছেন। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আবার কোনো কোনো সবজির দাম ২০০ টাকাও ছাড়িয়েছে।

বাজারের তথ্য অনুযায়ী, শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা, টমেটো ১৩০ থেকে ১৫০ টাকা এবং গাজর ১১০ থেকে ১৩০ টাকা কেজি দরে। এছাড়া বেগুন, বরবটি, করলা, ঝিঙা, কাঁকরোল ও কচুর লতির দাম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে অবস্থান করছে। তবে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে কাঁচা পেঁপে (৩০–৪০ টাকা), পটল (৬০–৭০ টাকা), ঢ্যাঁড়স (৬০–৮০ টাকা), চিচিঙ্গা (৬০–৭০ টাকা) এবং মিষ্টি কুমড়া (৪০–৬০ টাকা)।

সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। বাজারে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা এবং কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির কোনো ঘাটতি নেই, কিন্তু কার্যকর তদারকির অভাবে সাধারণ মানুষকে অস্বাভাবিক দাম গুনতে হচ্ছে। উচ্চমূল্যের কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় অর্ধেক সবজি কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টি, উৎপাদন ব্যাহত হওয়া, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণেই খুচরা বাজারে এই প্রভাব পড়েছে। ভুক্তভোগীদের মতে, বাজারে নিয়মিত ও কার্যকর মনিটরিং জোরদার করা হলে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din