
হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে অনন্য রেকর্ড গড়েছে। মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই বাণিজ্যিক সাফল্য অর্জন করল সিনেমাটি। ১৭ জুলাই প্রেক্ষাগৃহে আসার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি।
সিনেমাটির বর্তমান আয়ের হিসাব অনুযায়ী, উত্তর আমেরিকা থেকে এসেছে ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে অর্জিত হয়েছে ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এর মোট আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। নোলানের ক্যারিয়ারে এই অর্জনের বিশেষ গুরুত্ব রয়েছে। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর তার আর কোনো সিনেমা এক বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। অর্থাৎ প্রায় ১৪ বছর পর আবারও এই মাইলফলক স্পর্শ করলেন এই নির্মাতা।
‘দ্য ওডিসি’ তার বক্স অফিস সাফল্যের পুরোনো ধারাকে নতুন করে উজ্জ্বল করেছে। সিনেমাটি এখন নোলানের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে ওঠার দৌড়ে রয়েছে। এরই মধ্যে এটি ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর রেকর্ডকে পেছনে ফেলার পথে এগিয়ে যাচ্ছে।
চলতি বছর এক বিলিয়ন ডলারের বেশি আয় করা পঞ্চম সিনেমা ‘দ্য ওডিসি’। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’।
বক্স অফিস যাত্রায় সিনেমাটির সামনে আরও বড় সম্ভাবনা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বাজার চীনে এখনো সিনেমাটি মুক্তি পায়নি। আগামী ১৪ আগস্ট দেশটির কয়েক হাজার প্রেক্ষাগৃহে এটি মুক্তির কথা রয়েছে। ফলে চীনের বাজার যোগ হলে সিনেমাটির আয়ের অংক আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :