
ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী হাতের জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। শনিবার বাইপাস সংলগ্ন একটি হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় মিঠুন চক্রবর্তী বলেন, ‘তিন দিন চোখের নিমেষে কেটে গেল। বুঝতেই পারিনি। সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম যারা আমাকে সুস্থ করে তুললেন, তাদের অনেক ধন্যবাদ।’ তিনি আরও জানান, অস্ত্রোপচারের দিনই হাতের আঙুল দিয়ে কোনো কিছু ধরার সক্ষমতা ফিরে পাওয়ার অনুভূতি পেয়েছিলেন তিনি।
গত বৃহস্পতিবার অভিনেতার ডান হাতে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে একই হাতে, বিশেষত কনুইয়ের অংশে তার একবার অস্ত্রোপচার হয়েছিল। সেই পুরোনো অস্ত্রোপচারের প্লেটের সঙ্গে একটি নার্ভ আটকে যাওয়ায় এবং প্লেটের স্ক্রুগুলো নার্ভের ওপর চাপ সৃষ্টি করায় জটিলতা তৈরি হয়েছিল।
হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন জানান, সমস্যাটি শুধু প্লেট খুলে সমাধান করার মতো ছিল না। আটকে যাওয়া নার্ভটিকে আলাদা করে মুক্ত করার পর সেটিকে এমন অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনো চাপ না পড়ে এবং হাতের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় থাকে।
অস্ত্রোপচারের পর মিঠুন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এদিকে, তার অসুস্থতার খবর শুনে শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাতে অভিনেতা দেব হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন।
আপনার মতামত লিখুন :