Facebook Twitter Instagram YouTube

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শেষ হলো তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০২৬’


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ /
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শেষ হলো তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০২৬’

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০২৬’ সফলভাবে শেষ হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ বৃদ্ধি ও নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। ডিআইইউ লাইব্রেরি ও ডিআইইউ প্রেসের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় আয়োজিত এই মেলায় প্রতিদিন ৭ হাজারেরও বেশি দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ।

গত ৯ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইইউর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, BdREN-এর প্রতিনিধিবৃন্দ এবং দেশের বিশিষ্ট লেখকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত প্রকাশকদের সাথে প্রকাশনা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।

নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল। মেলায় দেশের স্বনামধন্য ২১টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে বাংলা ও ইংরেজি ভাষার গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সাহিত্যের পাশাপাশি বিভিন্ন একাডেমিক ও গবেষণাধর্বী বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়। প্রতিদিন বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও গবেষকের স্বতঃস্ফূর্ত সমাগমে পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মেলা আয়োজন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একটি জ্ঞানভিত্তিক ও সৃজনশীল সমাজ গঠনে বই পড়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করে। ‘ডিআইইউ বইমেলা ২০২৬’-এ শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে ক্যাম্পাসে বই ও পাঠচর্চার প্রতি সবার গভীর আগ্রহ রয়েছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত রাখা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy