
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন। শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যাশার কথা জানান।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানান, তিনি নতুন দায়িত্ব পেয়েছেন এবং রোববার থেকেই মন্ত্রণালয়ে অফিস করা শুরু করবেন। তিনি বলেন, মন্ত্রণালয়ে যাওয়ার পর কাজের পরিধি এবং বাস্তব সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব হবে।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, “আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা আরম্ভ করবো। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আছে।”
নিজের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে এবং সবার সহযোগিতায় তিনি তার ওপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন বলে বিশ্বাস করেন। মন্ত্রী বলেন, “আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে ভালোভাবেই কাজ করতে পারবো।”
আপনার মতামত লিখুন :