
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার লক্ষ্যে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে একটি নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন।
সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের তিনটি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা) রুটটিকে চূড়ান্ত করা হয়েছে। এই মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলা সরাসরি দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা কাটিয়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, ভোলাকে মূল সড়ক ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কাজ যেন দ্রুত এগিয়ে নেওয়া হয় এবং এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণ করা হয়।
প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এই মহাসড়ক বাস্তবায়নের জন্য বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি কিছু অংশে নতুন সড়ক নির্মাণ করতে হবে। এছাড়া তিনটি ছোট সেতু নির্মাণেরও প্রয়োজন রয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের কাজ দ্রুত শুরু হবে। নতুন এই সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হলে ভোলার মানুষের দীর্ঘদিনের নৌপথের ওপর নির্ভরতা কমবে। এছাড়া বরিশাল ও ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের ফলে যাতায়াতের সময় ও খরচ উভয়ই হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :