
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেগমপুর এলাকার মো. মিলন হোসেন খান (৩৮), মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতী তলা এলাকার মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনা জেলার আমতলী থানার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
র্যাব জানায়, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় মোটরসাইকেল ও প্রাইভেটকার থেকে ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া, তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :