
সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিগত সরকারের নির্বাচনী কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে রকম নির্বাচন এ গণতান্ত্রিক সরকার করবে না। তিনি আরও বলেন, আমাদের ক্যান্টনমেন্টের দল বলা হয়, অথচ আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছেন।
দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সরকার কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। যারা দুর্নীতি করবে, যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :