
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর উত্তরসূরি হওয়ার সম্ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন। ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে ইনফান্তিনো বর্তমানে বেশ চাপে রয়েছেন এবং তিনটি মহাদেশীয় ফুটবল সংস্থা তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে। এমনকি উয়েফা ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকিও দিয়েছে।
ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে সেফেরিনের নাম শোনা গেলেও ৫৮ বছর বয়সী এই কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, তিনি উয়েফার দায়িত্বেই থাকতে আগ্রহী। তিনি বলেন, আমি উয়েফাকে ভালোবাসি এবং এখানে কাজ করতে ভালোবাসি। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই পদে আগ্রহী না থাকলে তার বিশ্বাসযোগ্যতা বেশি থাকবে।
সেফেরিন সতর্ক করে বলেছেন, আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে ইনফান্তিনোকে হয় পদত্যাগ করতে হবে, নয়তো তাকে পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। সেফেরিন আরও বলেন, হয়তো তিনি বুঝতে পারবেন যে তার পর্যাপ্ত সমর্থন নেই, অথবা তাকে মার্চের নির্বাচনে অন্য কোনো প্রার্থীর মুখোমুখি হতে হবে। তবে সেই প্রার্থী কে হবেন তা এখনো অনিশ্চিত।
এদিকে, ইনফান্তিনোর পদত্যাগের সম্ভাবনা সম্পর্কে স্কাই নিউজের সাংবাদিক জেমস ম্যাথিউসের প্রশ্নের জবাবে ইনফান্তিনো অদ্ভুত প্রতিক্রিয়া দেখিয়েছেন। উয়েফা, কনকাকাফ ও এশীয় ফুটবল কনফেডারেশন ফিফা কংগ্রেসে অনাস্থা ভোট আনার বিষয়টি বিবেচনা করছে বলে খবর পাওয়া গেছে। তবে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা যথাক্রমে ক্যাফ ও কনমেবল এখনো ইনফান্তিনোর পাশে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১৬ সালে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার সময় ইউরোপের দেশগুলোর সমর্থন পেলেও বর্তমানে বিশ্বকাপ-পরবর্তী বিতর্কের জেরে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। সেফেরিন আরও জানান, ইনফান্তিনো হয়তো ভুলে গেছেন যে তিনি যখন ফিফা সভাপতি হয়েছিলেন, তখন উয়েফাই তাকে সমর্থন দিয়েছিল।
আপনার মতামত লিখুন :