
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পেছনে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে তার লেখালেখিকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তার বাবা বরকত উল্লাহ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নিচতলায় অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বলেন, “সেই সময়ের ফ্যাসিস্ট সরকার দেশবিরোধী বেশ কিছু চুক্তি করেছিল। সেই চুক্তির বিরুদ্ধে আবরার তার লেখনীর মাধ্যমে দেশবাসীকে অবহিত করেছিল। এটাই ছিল তার অপরাধ।” তিনি আরও জানান, আবরারের লেখায় বিশেষ করে ফেনী নদীর পানি এবং ভারতে ইলিশ রপ্তানির মতো তৎকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনা ছিল।
হত্যাকাণ্ডের দিনের স্মৃতিচারণ করে আবরারের বাবা বলেন, ঘটনার দিন সকালে আবরারের মা তাকে বাসে তুলে দিয়েছিলেন। পরে রাতে তাকে ঘুম থেকে তুলে দীর্ঘ সময় ধরে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। তিনি বলেন, “সেদিন সকালে তার মা তাকে বাসে উঠিয়ে দিয়েছিল। বিকেল ৫টার দিকে সে ঘুমিয়ে পড়েছিল। তাকে ঘুম থেকে উঠিয়ে প্রায় পাঁচ-ছয় ঘণ্টা পিটিয়ে মেরে ফেলা হয়।”
আবরার হত্যার সাত বছর পেরিয়ে গেলেও তিনি এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন বলে জানান। একই সঙ্গে তিনি বুয়েটসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও র্যাগিং সংস্কৃতি চিরতরে বন্ধের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাসে র্যাগিং ও নির্যাতনের মতো ঘটনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ক্যাম্পাসে যে র্যাগিং কালচার ছিল, তা যেন আর না থাকে। কোনো শিক্ষার্থীকে যেন এ ধরনের নির্যাতনের শিকার হতে না হয়।”
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলনের জন্ম দিয়েছিল এবং বুয়েটের আবাসিক হলগুলোতে বিদ্যমান র্যাগিং ও নির্যাতনের সংস্কৃতি নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছিল।
আপনার মতামত লিখুন :