
জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে তার বাড়িতে নতুন ঘর নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য সরকার এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিবের স্বাক্ষরিত অর্থ অবমুক্তির চিঠি সোমবার (৫ অক্টোবর) রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এরপর এই অর্থ ছাড়পত্র চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। সে সময় তিনি এই এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন।
অর্থ অবমুক্তির এই চিঠি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় 'জেলা পরিষদ উন্নয়ন সহায়তা' খাতের 'বিশেষ বরাদ্দ' উপখাত থেকে মোট এক কোটি ৯ লাখ টাকা রংপুর জেলা পরিষদের অনুকূলে ছাড় করা হয়েছে। এর মধ্যে এক কোটি টাকা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার বাবা-মায়ের ঘরবাড়ি নির্মাণ ও কবরস্থান উন্নয়নের জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য পাঁচ লাখ টাকা এবং পীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ও পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে দুই লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই অর্থ নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।
ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে অর্থ ছাড় হওয়ায় আবু সাঈদের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, সরকার দেরিতে হলেও এই বরাদ্দ দিয়েছে, এতে আমরা খুশি। তবে এই অর্থ যেন সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি সব শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ জানিয়েছেন, একটি কমিটি গঠন করে ফাউন্ডেশনসহ অন্যান্য অবকাঠামোর নকশা ও প্রাক্কলন তৈরির কাজ শুরু হবে। শহীদ আবু সাঈদের স্মৃতিচিহ্নকে ঐতিহাসিক গুরুত্ব দিয়ে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি জানান। জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সরকার চায় জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিকে ঘিরে চর্চা ও গবেষণা হোক, যাতে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগে যুগে অনুপ্রাণিত হয়।
আপনার মতামত লিখুন :