
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে প্রচলিত রাজনৈতিক গণরুম-গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর সংঘটিত শারীরিক ও মানসিক নিপীড়নের স্মৃতি সংরক্ষণে ‘আর্তনাদ-নীরব ক্রন্দন’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। নিপীড়নের সেই অন্ধকার অধ্যায় স্মরণে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর ভয়াবহতা তুলে ধরার প্রতীক হিসেবে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে স্থাপন করা হয়েছে স্মৃতিস্তম্ভটি।
গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীর দিনেই এর উদ্বোধন করা হয়। আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহকে সঙ্গে নিয়ে এটি উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনুষ্ঠানে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনিরসহ হল সংসদগুলোর নেতারা এবং ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডাকসুর উদ্যোগে নির্মিত ‘আর্তনাদ’কে গণরুম-গেস্টরুম সংস্কৃতির নামে শিক্ষার্থীদের ওপর পরিচালিত রাজনৈতিক নিয়ন্ত্রণ, ভয়ভীতি, শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে স্মরণ ও প্রতিবাদের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং এর নামকরণ করেন এজিএস মহিউদ্দিন খান। নির্মাণ ও বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার। এছাড়া ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরও সার্বিক তত্ত্বাবধানে যুক্ত ছিলেন। স্মৃতিস্তম্ভটির নকশা করেছেন স্থপতি নাজমুল ও তার দল। এতে খোদাই করা আছে, ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে আজ সেই কণ্ঠই প্রতিধ্বনিত।’
অনুষ্ঠানে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, ‘আমার ছেলে আবরার ফাহাদকে হারানোর কষ্ট একজন বাবা হিসেবে কখনোই ভুলতে পারব না। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সে তার নিজের মত প্রকাশ করেছিল। কিন্তু সেই মত প্রকাশের কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একজন বাবা হিসেবে সন্তানের এমন মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কঠিন।’
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ঢাবির আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে গণরুম-গেস্টরুমের যে অপসংস্কৃতি চালু ছিল, তার মাধ্যমে শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নানা ধরনের শারীরিক ও মানসিক নিপীড়ন চালানো হতো। অসংখ্য শিক্ষার্থী এর কারণে নির্যাতিত, অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। অনেকের জীবনও ঝরে গেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের সেই কষ্ট, ভয় ও আর্তনাদকে স্মরণে রাখতেই ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এটি সেই নিপীড়নের ইতিহাসকে প্রজন্মের পর প্রজন্ম মনে করিয়ে দেবে এবং শিক্ষার্থীদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেবে।
আপনার মতামত লিখুন :