Facebook Twitter Instagram YouTube

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৪৬ কারখানা


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ / ০
আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৪৬ কারখানা

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারখানায় কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সিরাতুব, রেখা ও সুইটি নামের 'নিউ এইজ গ্রুপের' তিন শ্রমিক আহত হন। তাদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া আরও তিনটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। পূর্ব থেকেই শ্রম আইনের ১৩(১) ধারায় ওই এলাকার ২২টি কারখানা বন্ধ রয়েছে। সব মিলিয়ে বর্তমানে শিল্পাঞ্চলের মোট ৪৬টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, সকালে শ্রমিকরা কার্ড পাঞ্চ করে হাজিরা দিলেও পরবর্তীতে নিউ এইজ গ্রুপের নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে নিজ নিজ ফ্লোরে অবস্থান নেন। সকাল পৌনে ৮টার দিকে সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকরা কারখানার বাইরে এসে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে নিউ এইজ গ্রুপের সামনে দিয়ে যাওয়ার সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী 'আলিফ পরিবহনের' একটি বাসের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। উত্তেজিত শ্রমিকরা বাসটি ভাঙচুর করেন এবং পাশের আল মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতে হাঙ্গামার চেষ্টা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করলে শ্রমিকদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। এ সময় রাস্তায় পড়ে গিয়ে তিন শ্রমিক আহত হন। বর্তমানে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিজিবির টহল জোরদার করা হয়েছে।

বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড, কমপ্লিট কম্পোজিট লিমিটেড ও উচু ফ্যাশন লিমিটেড। এছাড়া ম্যাংগো টেক্স এবং সাদ গ্রুপের নাঈম নিটওয়্যার লিমিটেড ও সাদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করছেন।

এছাড়া সুসুকা নিট লিমিটেড, রেডিয়ান্স ফ্যাশন লিমিটেড, ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, আউটলেট স্টিচ লিমিটেড, গ্রিন লাইফ নিটেক্স লিমিটেড, মণ্ডল নিটওয়্যার লিমিটেড, হংকুন লেদার কোম্পানি লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, এনভয় গ্রুপ এবং নেক্সট কালেকশন লিমিটেড- ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin