Facebook Twitter Instagram YouTube

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, হবিগঞ্জের সেই এএসআই ক্লোজড


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ / ০
ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, হবিগঞ্জের সেই এএসআই ক্লোজড

হবিগঞ্জের চুনারুঘাট থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ প্রশাসনের এক আদেশের মাধ্যমে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি চলতি বছরের মার্চ মাসে ধারণ করা হয়েছিল। ভিডিওটিতে মামলা সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে এএসআই অতনু বণিককে টাকা নিতে দেখা যায়। টাকা চাওয়া ও হস্তান্তরের দৃশ্য গোপনে ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বিষয়টি পুলিশ সুপারের নজরে আসার পর তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

ঘটনাটি তদন্তের জন্য মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাফিউর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, ভিডিওটির সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং এএসআই অতনু বণিকের ভূমিকা তদন্তে খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গত ৫ অক্টোবর একই থানার আরেক এএসআই ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর তাকেও পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh