গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
হামলাকারীরা এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করেন। ওসি আরও জানান, হামলার পর মিছিলকারীরা পুলিশ সদস্যদের ধাওয়া দিলে তারা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বর্তমানে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :