
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ’ আন্তর্জাতিক হিফয, তিলাওয়াত ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার প্রতিযোগী অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। গত ১৯ আগস্ট বুধবার মসজিদুল হারামে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজনে এবং সৌদি বাদশাহর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আসরে বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চারজন বাংলাদেশি প্রতিনিধিই পুরস্কার জয়ে সক্ষম হয়েছেন। এর মধ্যে চতুর্থ গ্রুপে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া, যিনি নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। তিনি পুরস্কার হিসেবে ১ লক্ষ ৫০ হাজার সৌদি রিয়াল পেয়েছেন। একই গ্রুপে নারী বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন উত্তরাস্থ তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার অনাবাসিক শাখার শিক্ষার্থী রাবেতা বিনতে রমজান। তিনি পেয়েছেন ১ লক্ষ ৩০ হাজার রিয়াল।
তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতেই তৃতীয় স্থান অর্জন করেছেন মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ। তারা প্রত্যেকেই ১ লক্ষ ৮০ হাজার রিয়াল করে পুরস্কার লাভ করেছেন। ১৯ আগস্টের সমাপনী অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
গত শুক্রবার সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন এই চার হাফেজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান ধর্ম মন্ত্রণালয় ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধিরা। বিমানবন্দরে গণমাধ্যমের সামনে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তার মাদরাসার ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
আপনার মতামত লিখুন :