Facebook Twitter Instagram YouTube

শেরপুরে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ করল বিজিবি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ / ০
শেরপুরে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ করল বিজিবি

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ডুমুরতলা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব সাবানের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এই তথ্য নিশ্চিত করেছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিঝুড়ি রেঞ্জের ডুমুরতলা এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় চোরাকারবারিরা ভারত থেকে আনা জনসন বেবি সাবান পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে সাবানের চালানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা তৎপরতার সাথে দায়িত্ব পালন করছেন। সীমান্তে যেকোনো ধরণের মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh