Facebook Twitter Instagram YouTube

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ণ /
অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে। ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর অক্টোবরের ফিফা উইন্ডোতে এই ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, আগামী ৫ অথবা ৬ অক্টোবরের মধ্যে ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ব্রাজিল দল প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায়। তবে বাংলাদেশ জাতীয় দলের সূচি বিবেচনায় বাফুফে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। তাই জাতীয় দলের ব্যস্ততা পর্যালোচনা করেই বাফুফে তাদের অবস্থান জানাবে।

এই সফরকে সামনে রেখে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছেন। তারা মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্স ঘুরে দেখেন এবং রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রতিনিধিদলটি ঢাকায় আসে। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত ওই ম্যাচটির জন্যই ভারত আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়, যার ফলে ফিফা বাংলাদেশকে আমন্ত্রণ জানায়।

উল্লেখ্য, ব্রাজিল ফুটবল দল এর আগে কখনো বাংলাদেশে আসেনি। এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর লিওনেল মেসির আর্জেন্টিনা দল ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo