
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই নতুন নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দেওয়ার পাশাপাশি চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত থাকবে। এছাড়া অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
একইসঙ্গে অপর এক আদেশে বিটিআরসির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। উল্লেখ্য যে, গত ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে তিন বছরের মেয়াদে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
আপনার মতামত লিখুন :