
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় আকবর হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তুলাতলী বাজারে নিজ দোকানে থাকা অবস্থায় তিনি হামলার শিকার হন। এ ঘটনায় নিজাম (৪৭) নামের আরও একজন আহত হয়েছেন।
হামলার পর গুরুতর আহত আকবর হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলার স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অপর ব্যক্তি নিজামকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চমেক হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জানান, আকবর হোসেনের ডান হাতের বাহুতে গুলি লেগেছে। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলি বের করার প্রক্রিয়া চালাচ্ছেন। স্বজনদের ভাষ্যমতে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার বিষয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ী আকবর সংবাদমাধ্যমকে বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে গুলি করা হয়। তিনি হামলাকারীদের শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেন। তার অভিযোগ, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার, খোকন ও স্বাধীনসহ কয়েকজন মিলে এই হামলা চালিয়েছে। এছাড়া হামলার সময় অভিযুক্তরা তার দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।
আপনার মতামত লিখুন :