Facebook Twitter Instagram YouTube

এশিয়া কাপে বিশ্বরেকর্ড: হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিলেন চামারি আতাপাত্তু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ /
এশিয়া কাপে বিশ্বরেকর্ড: হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিলেন চামারি আতাপাত্তু

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে বল হাতে অবিশ্বাস্য পারফরম্যান্স প্রদর্শন করেছেন শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। দুবাইয়ে বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার মাত্র ৫ রান খরচ করে প্রতিপক্ষের ৭ জন ব্যাটারকে সাজঘরে ফেরান। তার এই বিধ্বংসী স্পেলে ভর করে ইন্দোনেশিয়াকে ৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা, যা দলটিকে টুর্নামেন্টের সেমি-ফাইনালের দৌড়ে এগিয়ে রেখেছে।

ম্যাচে ৩.৩ ওভার বল করে এই ঐতিহাসিক রেকর্ড গড়েন আতাপাত্তু। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তিনিই প্রথম নারী বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন। সব মিলিয়ে নারী টি-টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচে ৭ উইকেট নেওয়া ষষ্ঠ বোলার তিনি।

আতাপাত্তুর এই বোলিং ফিগার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল থাইল্যান্ডের অফ স্পিনার ওংপাকা লিংপ্রাসার্টের দখলে, যিনি ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এছাড়া এশিয়া কাপে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে পাকিস্তানের উমাইমা সোহেল (১৩ রানে ৫ উইকেট) ও নিদা দারের (২১ রানে ৫ উইকেট)।

ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছিল। বল হাতে ব্যাট হাতে রান না পাওয়ার ক্ষোভ যেন পুরোটা উগড়ে দিলেন লঙ্কান অধিনায়ক, যার ফলে ইন্দোনেশিয়ার ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh