Facebook Twitter Instagram YouTube

সিদ্ধান্ত বদলানোকে পোশাক বদলানোর সঙ্গে তুলনা করলেন গিলেস্পি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ /
সিদ্ধান্ত বদলানোকে পোশাক বদলানোর সঙ্গে তুলনা করলেন গিলেস্পি

ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে শোচনীয় হারের পর পাকিস্তান ক্রিকেট দলে ব্যাপক রদবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সাবেক কোচ জেসন গিলেস্পি। বিশেষ করে প্রধান নির্বাচক আকিব জাভেদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং ধারাবাহিকতাহীনতার তীব্র সমালোচনা করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে হারের পর লর্ডসে ১৯৪ রানে পরাজিত হয় স্বাগতিকরা। এরপরই বার্মিংহামে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দল পুনর্গঠনের অংশ হিসেবে সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও ও বোলিং কোচ উমর গুলকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শেষ টেস্টের জন্য নতুন করে যুক্ত করা হয়েছে মাইক হেসন ও অ্যাশলি নফকেকে। ২০২৪ সালে প্রায় আট মাস পাকিস্তানের কোচের দায়িত্বে থাকা গিলেস্পি, যার অধীনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান, বর্তমান এই পরিস্থিতিকে অত্যন্ত হতাশাজনক বলে বর্ণনা করেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে। কারণ এটা তাদের জীবিকা। বাইরে থেকে মনে হচ্ছে, তারা ভয় নিয়ে খেলছে।’

দল থেকে সালমান আলী আগাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন গিলেস্পি। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সালমানকে পরের টেস্টেই বাদ দেওয়া হয় এবং তৃতীয় টেস্টের আগেই দেশে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে সাবেক এই কোচ প্রশ্ন তোলেন, ‘প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া একজন খেলোয়াড় কীভাবে পরের টেস্টে বাদ পড়েন এবং তৃতীয় টেস্টের আগেই বিমানে দেশে ফিরে যান? এটা কীভাবে সম্ভব?’ পাকিস্তান দল নির্বাচনে কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই দাবি করে তিনি সরাসরি আকিব জাভেদকে কাঠগড়ায় দাঁড় করান। গিলেস্পি বলেন, ‘বিশেষ করে আকিব জাভেদের অধীনে তাদের কোনো বাছাই কৌশলই নেই—বিষয়টি বেশ স্পষ্ট। তারা যেমন পোশাক বদলায়, তেমনি সিদ্ধান্তও বদলায়।’

সম্প্রতি পাকিস্তান দলের ব্যর্থতার জন্য সাবেক কোচ জেসন গিলেস্পি ও সাবেক সাদা বলের কোচ গ্যারি কারস্টেনকে দায়ী করার চেষ্টা করেছিলেন আকিব জাভেদ। সেই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে গিলেস্পি বলেন, ‘আকিব জাভেদ সম্প্রতি যা ঘটছে তার জন্য গ্যারি কারস্টেন ও আমাকে দায়ী করেছেন। অথচ গত দুই বছর ধরে তিনিই প্রধান নির্বাচকের দায়িত্বে আছেন। আমরা তো সেখানে ছিলামই না। তারপরও কীভাবে তিনি আমাদের দায়ী করেন? আমার মনে হয়, জাভেদের নিজের দিকেই আগে তাকানো উচিত।’

খেলোয়াড়দের দল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন গিলেস্পি। তিনি জানান, প্রধান নির্বাচক ও খেলোয়াড়দের মধ্যে কোনো সরাসরি যোগাযোগ নেই। বাদ পড়া খেলোয়াড়রা পরিবার, বন্ধু ও সংবাদমাধ্যমের কাছ থেকে নিজেদের বাদ পড়ার খবর জানতে পেরেছেন, যা অত্যন্ত অসম্মানজনক। সম্প্রতি কিছু প্রতিবেদনেও উঠে এসেছে যে, খেলোয়াড়রা সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবির ঘোষণা দেখে দল থেকে বাদ পড়ার বিষয়টি জানতে পারেন। এদিকে, বার্মিংহামে অনুষ্ঠিতব্য তৃতীয় টেস্টের জন্য পরিবর্তিত দলে মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী উসমান, খুররম শাহজাদ, আমির জামাল ও আওয়াইস জাফরকে ফিরিয়ে আনা হয়েছে। এই ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy