Facebook Twitter Instagram YouTube

লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, স্যাটেলাইট ছবিতে ৮ যুদ্ধবিমান


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ / ০
লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, স্যাটেলাইট ছবিতে ৮ যুদ্ধবিমান

লাওস ও চীনের যৌথ প্রশিক্ষণ ঘাঁটিতে ইতিমধ্যেই হালকা যুদ্ধবিমান এবং বিভিন্ন সামরিক যান মোতায়েন করা হয়েছে। বাণিজ্যিক স্যাটেলাইট প্রতিষ্ঠান ভ্যান্টরের তোলা ৩০ সেপ্টেম্বরের ছবিতে নির্মাণাধীন রানওয়েতে আটটি কে-৮ হালকা যুদ্ধবিমান এবং দুই ডজনের বেশি সহায়ক সামরিক যান দৃশ্যমান হয়েছে। এর ঠিক একদিন আগে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের অদূরে বান কিউনে যৌথ প্রশিক্ষণ স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছিল।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ছবিতে থাকা বিমানগুলো হংডু জেএল-৮ বা কে-৮ মডেলের। চীন ও লাওসের বিমানবাহিনী এই দুই আসনের বিমানগুলো প্রশিক্ষণের পাশাপাশি হালকা হামলায় ব্যবহার করে থাকে। চীন ও পাকিস্তান যৌথভাবে এই বিমান তৈরি করেছে। নতুন এই ঘাঁটির দ্রুত নির্মাণকাজ আঞ্চলিক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের অনেকের ধারণা, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি চীনের প্রথম পূর্ণাঙ্গ বিদেশি সামরিক ঘাঁটি হয়ে উঠতে পারে।

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক র‌্যাচেল ভ্যানডেনব্রিঙ্ক জানিয়েছেন, চীন ও লাওসের সীমান্ত এবং রেলপথসহ অবকাঠামোগত যোগাযোগের কারণে বান কিউনের কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিশ্লেষকদের মতে, নির্মাণকাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ ও জ্বালানি মজুত এবং নজরদারি স্থাপনা তৈরি হচ্ছে কিনা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব স্থাপনা থাকলে ঘাঁটিটি প্রশিক্ষণের বাইরেও বড় ধরনের সামরিক কাজে ব্যবহারের সম্ভাবনা তৈরি হবে।

বিশেষজ্ঞ আলেকজান্ডার নিল মনে করেন, বর্তমানে রানওয়েটি ছোট হলেও ভবিষ্যতে এটি সম্প্রসারণ করে বড় বিমান, এমনকি গোয়েন্দা ও ইলেকট্রনিক নজরদারি বিমান পরিচালনা করা সম্ভব। প্রসঙ্গত, ভিয়েতনাম যুদ্ধের সময় বান কিউনে যুক্তরাষ্ট্রের একটি গোপন বিমানঘাঁটি ছিল। ‘লিমা সাইট ৪৪’ নামে পরিচিত ওই ঘাঁটি সিআইএর এয়ার আমেরিয়া ব্যবহার করত, যেখানে হমং যোদ্ধা ও যুদ্ধ সরঞ্জাম পরিবহন করা হতো। এ বিষয়ে চীন ও লাওসের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin