
চট্টগ্রাম বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণা দিয়ে আনা একটি পণ্যচালানে বড় ধরনের অসামঞ্জস্য ধরা পড়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) চালানটির কায়িক পরীক্ষা করে এর ভেতরে খণ্ডিত অবস্থায় একটি বিএমডব্লিউ স্পোর্টস বা রেসিং কার, একটি বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির সামনের অংশ এবং পাঁচটি খণ্ডিত ইসুজু ট্রাকের অস্তিত্ব পেয়েছে। মঙ্গলবার চালানটি পরীক্ষার পর বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনবিআর কর্মকর্তা আল আমিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাস্টমস সূত্রে জানা যায়, আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স আয়াজ অটো ইন্টারন্যাশনাল’ চালানটিতে ইউজড ডিফারেনশিয়াল অ্যাসেম্বলি ও পাওয়ার স্টিয়ারিং অ্যাসেম্বলিসহ বিভিন্ন যন্ত্রাংশ ঘোষণা করেছিল। তবে বাস্তবে পাওয়া পণ্যের সঙ্গে এই ঘোষণার কোনো মিল পাওয়া যায়নি। উদ্ধার হওয়া বিএমডব্লিউ স্পোর্টস কারটি দুই আসনের এবং এটি ২০০৯ সালের মডেলের ‘এস ড্রাইভ ২৩আই’ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কাস্টমস। গাড়িটির ইঞ্জিন ক্ষমতা প্রায় ২ হাজার ৫০০ সিসি।
এছাড়াও চালানটিতে পাওয়া বিএমডব্লিউ ৭৪০আই গাড়িটির সামনের অংশ ২০১৬ সালের মডেলের এবং এর ইঞ্জিন ক্ষমতা ৩ হাজার সিসি। একই সঙ্গে পাঁচটি খণ্ডিত ইসুজু ট্রাকের কেবিনের ভেতর অন্যান্য গাড়ির যন্ত্রাংশ প্যাক করা অবস্থায় পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের ‘আরব জাপান ইউজড কারস অ্যান্ড স্পেয়ার পার্টস কোম্পানি এলএলসি’ থেকে এই পণ্য চালানটি রপ্তানি করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এখন খতিয়ে দেখছে যে, মিথ্যা ঘোষণার মাধ্যমে শুল্ক-কর ফাঁকি দেওয়া হয়েছে কি না এবং কাটা গাড়ির অংশগুলো আলাদা চালানে এনে পরে পুনঃসংযোজনের কোনো পরিকল্পনা ছিল কি না। বিশেষ করে বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির বাকি অংশগুলো কোথায় রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘোষণায় কারচুপি ও আমদানি নীতিমালা লঙ্ঘনের প্রমাণ মিললে কাস্টমস আইন, ২০২৩ এবং অন্যান্য বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :