
যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ক্রিস্টা পাইকের চেতনা ফিরেছে এবং তিনি বর্তমানে কথা বলছেন। গত সপ্তাহে তার মৃত্যুদণ্ড কার্যকরের একটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তার আইনজীবীরা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ৫০ বছর বয়সী পাইক বর্তমানে হাসপাতালে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৫ সালে কলিন স্লেমারকে হত্যার দায়ে পাইকের মৃত্যুদণ্ডাদেশ হয়। গত বুধবার টেনেসিতে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকরের দুটি চেষ্টা চালানো হয়, যা ব্যর্থ হয়। এরপর তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেশ কয়েক দিন অচেতন থাকার পর চিকিৎসাকর্মীরা তার শরীরে প্রবেশ করানো রাসায়নিক পদার্থ বের করার চেষ্টা করেন। বিশেষজ্ঞ ও তার আইনজীবীদের মতে, পাইকের এভাবে সুস্থ হয়ে ওঠার ঘটনাটি চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে নজিরবিহীন। ধারণা করা হচ্ছে, প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে থাকা বিশ্বের একমাত্র ব্যক্তি তিনি।
তার আইনজীবীরা পাইকের শারীরিক অবস্থার উন্নতিকে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। যদিও তার ভবিষ্যৎ শারীরিক অবস্থা সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়, তবে আইনজীবীরা দীর্ঘমেয়াদী সুস্থতার প্রক্রিয়া আশা করছেন। ফোর্ডহ্যাম ল স্কুলের অপরাধবিজ্ঞানী ও অধ্যাপক ডেবোরা ডেনো পাইকের জ্ঞান ফেরার খবরে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানান, অতীতে সাতটি ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকরের সময় বন্দিরা বেঁচে গিয়েছিলেন, কিন্তু সেসব ক্ষেত্রে প্রয়োগকারীরা বন্দিদের শিরায় কোনো ওষুধ প্রবেশ করাতে পারেননি। ডেনো বলেন, পাইকই একমাত্র ব্যক্তি যার শরীরে বিষাক্ত পদার্থ প্রবেশ করানো হয়েছিল। কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ার অংশ হিসেবে যা যা করার কথা ছিল, তার সবই করেছিল, কিন্তু তা কাজ করেনি।
এখন পর্যন্ত কর্তৃপক্ষ জানায়নি যে তারা আবার পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করবে কি না। পেন্টোবারবিটাল নামক রাসায়নিক ব্যবহারের পরও কেন মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়নি, তার কোনো ব্যাখ্যাও তারা দেয়নি। এদিকে, টেনেসির গভর্নর বিল লি এ বছরের বাকি সময়ের জন্য রাজ্যে সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ঘোষণা করেছেন।
১৯৯৫ সালে মাত্র ১৮ বছর বয়সে পাইক তার তৎকালীন প্রেমিক ট্যাডারিল শিপের সঙ্গে মিলে ১৯ বছর বয়সী কলিন স্লেমারকে নির্যাতন ও হত্যা করেন। একটি কর্মপ্রশিক্ষণ শিবিরে স্লেমারের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল। আগামী বুধবার ন্যাশভিলের আদালতে পাইকের আইনজীবীদের হাজির হওয়ার কথা রয়েছে এবং তারা আদালতের বাইরে একটি সংবাদ সম্মেলন করারও পরিকল্পনা করছেন। পাইকের প্রতিরক্ষা দলের পরামর্শক ও অ্যানেসথেসিওলজিস্ট ড. জোয়েল জিভট জানিয়েছেন, প্রাণঘাতী ইনজেকশন থেকে বেঁচে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ।
আপনার মতামত লিখুন :