
চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রবিবার (৪ অক্টোবর) দুপুরে এই রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়া (কানাপুকুর) পাড়ার মৃত আলতাফ হোসেন মালিথার ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন, যা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধ্যায় চুয়াডাঙ্গার একাডেমি মোড় এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিশেষ অভিযান চালায়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের নেতৃত্বে ওই অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ ও উপপরিদর্শক সাহারা ইয়াসমিনসহ সংশ্লিষ্টরা অংশ নেন। কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী ‘সোনারতরী এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস একাডেমি মোড়ে থামলে অভিযানকারীরা তল্লাশি চালান। বাস থেকে নামার সময় জালাল মালিথার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে বাসের চালক, সহকারী ও সুপারভাইজারের উপস্থিতিতে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি অ্যাম্পুলে দুই মিলিলিটার করে মোট ১ হাজার ৭৯৮ মিলিলিটার মাদক ছিল, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৯ হাজার ৭০০ টাকা।
এ ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় জালাল মালিথার বিরুদ্ধে অবৈধভাবে মাদকদ্রব্য দখলে রাখা ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন উপপরিদর্শক সাহারা ইয়াসমিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণাদি পর্যালোচনার পর আদালত জালাল মালিথাকে দোষী সাব্যস্ত করেন। রায়ে জব্দ করা মাদকদ্রব্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে আইন অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম এই রায়কে যুগান্তকারী হিসেবে বর্ণনা করে বলেন, এটি মাদকের বিরুদ্ধে একটি কঠোর বার্তা।
আপনার মতামত লিখুন :