
নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে তাসলিমা আক্তার নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার ওই গ্রামের নুরুন্নবীর মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে তাসলিমা তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর বেলা আড়াইটার দিকে তিনি তার আট বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। এ সময় তাসলিমা ও তার স্বামী সামির হোসেন পুকুরের পানিতে নামেন।
একপর্যায়ে তাসলিমা পানিতে ডুবে মারা যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, পুকুরে ডুবে তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :