Facebook Twitter Instagram YouTube

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ /
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৮১

কলম্বিয়ায় সোমবার আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এ পর্যন্ত অন্তত ১৮১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ২৪০ ছাড়িয়ে যেতে পারে বলে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মঙ্গলবার পেরেইরা থেকে দেয়া তথ্যানুযায়ী, ভূমিকম্পে প্রায় ২ হাজার ৬০০ জন আহত হয়েছেন এবং এখনো প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ১ হাজার ১০০টির বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস এবং ৮ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অনুভূত হয়। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, মূল ভূমিকম্পের পর ৭০টিরও বেশি আফটার শক অনুভূত হয়েছে। মঙ্গলবার ভোরে সান হোসে দেল পালমার ও সান্তান্দার এলাকায় ৩ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে অন্যতম কালি। প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের এই শহরে ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মেয়র আলেহান্দ্রো এদের জানান, এখনো ২৩৯ জন বিভিন্ন স্থানে আটকা রয়েছেন এবং আহত হয়েছেন ৯৪৯ জন। শহরে ৪৫টি ভবন পুরোপুরি বা আংশিকভাবে ধসে পড়েছে। উদ্ধার তৎপরতার জন্য সেখানে কেন্দ্রীয় কমান্ড পোস্ট স্থাপন করা হয়েছে। কালির একটি হাসপাতালের ওপরের তলা ধসে পড়ায় সেখানে চিকিৎসাধীন কয়েকজন রোগী আটকা পড়েছেন। এছাড়া কালিমার জিমনাসিও কালিমা স্কুলের অংশ ধসে চার শিশু নিহত হয়েছে। লুটপাট ঠেকাতে কালিমায় রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

পেরেইরা শহরে দমকল বিভাগ এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যুর খবর দিয়েছে। শত শত স্বেচ্ছাসেবক সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে শহরটিতে ‘কার-ফ্রি ডে’ ঘোষণা করা হয়েছে। এছাড়া মানিজালেস শহরে পাঁচজন নিহত ও ৬০টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। মেয়র হোর্হে এদুয়ার্দো রোহাস বাসিন্দাদের আফটার শকের বিষয়ে সতর্ক থাকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন।

ভূমিকম্পের পর বিভিন্ন শহরের অনেক বাসিন্দা ঘরবাড়ি ধসে পড়ার ভয়ে বা পরবর্তী কম্পনের আশঙ্কায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় কলম্বিয়ার পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র সংহতি প্রকাশ করে সহায়তার আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১ কোটি ৫৫ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে। এছাড়া ইকুয়েডর, ব্রাজিল, এল সালভাদর ও ভেনেজুয়েলাও সহায়তার প্রস্তাব দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy