
জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগকারী নেতারা হলেন পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রিংকু এবং দপ্তর সম্পাদক ইবনে হাসান। জানা গেছে, তারা দুজনই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদের জন্য আবেদন করেছিলেন।
নিয়োগ না পাওয়ার পর ইবনে হাসান ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে মেহেদী হাসান রিংকু ভিন্ন অভিযোগ তুলেছেন। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রিংকু অভিযোগ করেন যে, সংগঠনের অভ্যন্তরে কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, দলের দুঃসময়ে রাজপথে থাকলেও বর্তমানে কাজের পরিবেশ না থাকায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রানা চপল জানান, তারা পদত্যাগের বিষয়টি জানতে পেরেছেন, তবে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকেই হয়তো তারা ফেসবুকে এমন ঘোষণা দিয়েছেন। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এই ঘটনা স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :