Facebook Twitter Instagram YouTube

কুমিল্লার সদর দক্ষিণে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ /
কুমিল্লার সদর দক্ষিণে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ

কুমিল্লার সদর দক্ষিণে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার বামিশা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলামের সভাপতিত্বে ও উদ্যোগে আয়োজিত এই সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশ শেষে বামিশা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বামিশা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের গেটে এসে শেষ হয়। এর আগে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেয়। তাই এই সামাজিক ব্যাধি দূর করতে পরিবার, প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে পরিবারের প্রতিটি সদস্য ও সমাজের সচেতন মানুষদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, নিয়মিত মাদক সেবনের ফলে মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা একপর্যায়ে শারীরিক ও মানসিক আসক্তিতে রূপ নেয়। খারাপ সঙ্গ, সহপাঠীদের চাপ, পারিবারিক অশান্তি, কৌতূহল, অল্প বয়সে নিজেকে স্মার্ট প্রমাণের চেষ্টা, মানসিক হতাশা এবং মাদকের সহজলভ্যতাকে মাদকাসক্তির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এর ফলে পরিবারে অশান্তি ও আর্থিক সংকট তৈরির পাশাপাশি চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায় এবং শিক্ষাজীবন ও সামাজিক মর্যাদা নষ্ট হয়।

মাদক প্রতিরোধে সমাবেশে বক্তারা কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—পারিবারিক বন্ধন ও নজরদারি বাড়ানো, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটানো এবং তরুণদের সুস্থ ধারার খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করা। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের সমাজ থেকে দূরে না ঠেলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার তাগিদ দেওয়া হয়।

সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার দিলীপ মজুমদার, এসআই মাহবুব, এএসআই কবির, এএসআই নুরুজ্জামান ও এএসআই নাসেরসহ থানার পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় পুরো কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, চৌয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, সাংবাদিক জসিম উদ্দিন চাষি, তাওহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন এবং মোতালেব হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin