Facebook Twitter Instagram YouTube

বাহাত্তরের সংবিধানকে ভিত্তি করেই সংস্কার করা হবে: আইনমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ /
বাহাত্তরের সংবিধানকে ভিত্তি করেই সংস্কার করা হবে: আইনমন্ত্রী

বাহাত্তরের সংবিধানকে ভিত্তি বা সামনে রেখেই দেশের সংবিধান সংস্কারের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করেছেন, সংবিধান সংস্কারের বিষয়ে যেসব পরামর্শ বা মতামত আসবে, সেগুলো যদি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হয় তবে অবশ্যই তা বিবেচনা করে গ্রহণ করা হবে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক এই সংলাপটির আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)।

আইনমন্ত্রী উল্লেখ করেন, দেশের একটি পক্ষ বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলার কথা বললেও বাস্তবে তা কোনোভাবেই সম্ভব নয়। কারণ এই সংবিধানটি এখনো দেশে বলবৎ রয়েছে। ফলে যেকোনো ধরনের সংস্কার প্রক্রিয়ায় এই সংবিধানকে সামনে রেখেই আমাদের অগ্রসর হতে হবে। এ বিষয়ে তিনি সবাইকে বাস্তবসম্মত ও যৌক্তিক চিন্তাভাবনা করার আহ্বান জানান।

সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও কথা বলেন মো. আসাদুজ্জামান। তিনি মন্তব্য করেন, সরকারকে সবসময় তোপের মুখে এবং গঠনমূলক সমালোচনার মধ্যে রাখা উচিত। তা না হলে সরকার সঠিক পথে চলতে পারবে না। সরকার সমালোচনাকে ইতিবাচকভাবেই মূল্যায়ন করে থাকে। তবে সমালোচকদের ব্যবহৃত ভাষার প্রয়োগের ক্ষেত্রে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh