
‘ম্যাডর্যাক্স’ পরিচয়ধারী একটি হ্যাকার গোষ্ঠী ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি নাগরিকের জীবনবৃত্তান্ত (সিভি) বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। আজ রোববার দুপুরে ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। হ্যাকারদের দাবি, এসব সিভি বাংলাদেশের জনপ্রিয় চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেজ থেকে নেওয়া হয়েছে।
হ্যাকারদের পোস্ট অনুযায়ী, তাদের কাছে থাকা ৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভিতে নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের বিস্তারিত তথ্য রয়েছে। প্রতিটি সিভির একটি কপির দাম এক হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে এবং সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এই তথ্য বিক্রি করা হবে। অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে তারা পেটিএম, ওয়াইজ, পেইউ ও বাইন্যান্সের নাম উল্লেখ করেছে। নিজেদের দাবির সপক্ষে হ্যাকার গোষ্ঠীটি ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে। এগুলোর মধ্যে বেশিরভাগই পুরোনো, বিশেষ করে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে হালনাগাদ করা সিভি বেশি। প্রথম আলো প্রকাশিত নমুনার মধ্যে থাকা দুজনের সঙ্গে কথা বলেছে, যারা নিশ্চিত করেছেন যে তারা কয়েক বছর আগে বিডিজবসে তাদের সিভি আপলোড করেছিলেন।
সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও প্রযুক্তিবিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, নাম, ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার মতো তথ্যগুলো একসঙ্গে হাতে পেলে সাইবার অপরাধীরা ব্যক্তির পূর্ণাঙ্গ ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারে। এটি ব্যবহার করে লক্ষ্যভিত্তিক ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি ও আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি হয়।
তবে নিজেদের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিডিজবস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, বিডিজবস শুরু থেকেই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও প্রোফাইল দেখার নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রেখেছে। তিনি জানান, নিবন্ধিত লক্ষাধিক নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে তথ্য দেখতে পারলেও তা কেবল নিজস্ব নিয়োগপ্রক্রিয়ার জন্য ব্যবহারের নিয়ম রয়েছে। যদি কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে এই তথ্য বিক্রি করে এবং তা বিডিজবসকে জানানো হয়, তবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :