Facebook Twitter Instagram YouTube

নিরাময়কেন্দ্রের আড়ালে ডিবি হারুনের বন্দিশালা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ / ০
নিরাময়কেন্দ্রের আড়ালে ডিবি হারুনের বন্দিশালা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের আড়ালে যেন এক বন্দিশালা গড়ে তোলা হয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে হক গ্রুপের কর্ণধার ব্যবসায়ী আদম তমিজী হককে গ্রেফতারের পর তাকে কারাগারে না পাঠিয়ে রাজধানীর একটি নিরাময়কেন্দ্রে আটকে রাখার অভিযোগ উঠেছে তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে। শুধু তাকে সেখানে বন্দি রাখাই নয়, তাকে মানসিক রোগী প্রমাণের চেষ্টাও চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় নিরাময়কেন্দ্রটির সংশ্লিষ্টতা, অর্থ আদায় এবং তৎকালীন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কীভাবে এমন বন্দিশালা তৈরি হয়েছিল, তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

ঘটনার সূত্রপাত ৯ ডিসেম্বর ২০২৩ সালে। ওইদিন আদম তমিজী হক ফেসবুক লাইভে এসে তৎকালীন ক্ষমতাসীন হাসিনা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এর পরপরই ‘ভাতের হোটেল’ খ্যাত ডিবি হারুন তার পিছু নেন। তমিজীকে গ্রেফতার করা হলেও তাকে জেলহাজতে না পাঠিয়ে রাজধানীর একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে, এরপর হারুন ও তার দলবল তমিজীর পরিবারের কাছ থেকে কয়েক দফায় মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী চিকিৎসক দলের একজন সদস্য জানিয়েছেন, নিরাময়কেন্দ্রে নেওয়ার পর তমিজী হককে পরীক্ষা করে তাকে মানসিক রোগী মনে হয়নি। চিকিৎসকরা তাকে আটকে রাখার বিষয়ে আদালতের আদেশ আনতে বললে ডিবি হারুন প্রচণ্ড ক্ষিপ্ত হন। এ সময় হারুনের পক্ষ নিয়ে বীকন পয়েন্টের কয়েকজন কর্মকর্তা চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শেষ পর্যন্ত কোনো চিকিৎসা সনদ ছাড়াই তমিজীকে সেখানে বেশ কিছুদিন বন্দি রাখা হয়।

ঘটনাটি গোপন রাখতে নিরাময়কেন্দ্রের একটি ফ্লোর ফাঁকা করে দেওয়া হয়, যেখানে তমিজী একাই থাকতেন। বিশেষ ব্যবস্থায় তার জন্য খাবার, পানীয় ও বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল। নারকোটিক্সের এক উপপরিচালক জানান, বীকন পয়েন্টে অবৈধভাবে তমিজীকে আটকে রাখার বিষয়টি জানার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, কারণ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডিবি হারুনের ঘনিষ্ঠতা ছিল ওপেন সিক্রেট। হারুনের যেকোনো কর্মকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যাল আছে বলে সবাই ধরে নিত।

একই নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন এক তরুণী ধর্ষণের শিকার হয়েছিলেন বলে জানা গেছে, তবে সামাজিক মর্যাদার ভয়ে তার পরিবার কোথাও অভিযোগ করেনি। এছাড়া অন্য একটি প্রতিষ্ঠানে ভুল চিকিৎসায় মৃত্যুর পর রোগীর লাশ দীর্ঘসময় লুকিয়ে রাখার মতো ঘটনাও ঘটেছে। এসব অনিয়মের ঘটনা আড়ালে থাকায় অপরাধীরা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor