Facebook Twitter Instagram YouTube

ঢাকা কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ণ /
ঢাকা কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

রাজধানীর ঢাকা কলেজে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই উত্তেজনার সূত্রপাত হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ অভিযোগ করেন, তাদের পূর্বঘোষিত ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গ্যালারি ২-এর সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তাদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একজনের মাথা ফেটে গেছে। তিনি আরও দাবি করেন, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আব্দুল মালেকসহ কয়েকজনকে মারধর করেন, যার ফলে আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান এবং তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

অন্যদিকে, ছাত্রদলের কর্মী রাসেল দাবি করেছেন, সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবির কর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। তারা ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক কথাবার্তা বলেন এবং একজনকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরবর্তীতে শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষের পর শিবির কর্মীরা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে যান এবং ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বেলা দেড়টার দিকে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। ক্যাম্পাসের ভেতরে পুলিশ সাধারণত থাকে না, তবে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin