
বগুড়ার ধুনটে একটি চুরির মামলায় আটক আট আসামির সঙ্গে দেখা করতে থানায় এসে আরও দুজন সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩০ সেপ্টেম্বর রাতে ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের 'মাসুদ টেলিকম' নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন— চট্টগ্রামের আল আমিন, আক্কাস আলী ও হৃদয়; নরসিংদীর ইমরান; ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত এবং কুমিল্লার রবিউল ইসলাম, আলা উদ্দিন ও ইস্রাফিল রহমান। তারা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর রাতে আটক ওই আটজনের সঙ্গে দেখা করতে থানায় আসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মাদ মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮)। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখায়। ওসি আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আট চোরের সঙ্গে মোস্তফা ও বাবুলের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। এ কারণে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :