
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিজ ঘর থেকে স্বর্ণা আক্তার (২৩) এবং তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অপর দুইজন হলো তার চার বছর বয়সী ছেলে সাফায়েত হোসেন ও এক বছর বয়সী মেয়ে রাইসা আক্তার। গতকাল রোববার রাত ৮টার দিকে অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ ঘরের দেয়ালে হাতে লেখা বেশ কিছু আবেগঘন ও স্পর্শকাতর বার্তা উদ্ধার করেছে। এর মধ্যে একটি দেয়ালে লেখা ছিল, ‘আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। আমি অভাগি মা নিজে মারছি। আমাদের লাশ পলাশবাড়ি মাটি দেন। সাকিল যেন না ছোঁয়। মা-বাবা সরি, আই লাভ ইউ।’ অন্য একটি দেয়ালে লেখা ছিল, ‘সাফায়াত রাইসা-মনি, আই লাভ ইউ কলিজা পাখিরা আমার।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পারিবারিক কলহের জেরে স্বর্ণা নিজ ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর তিনি নিজে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
এদিকে, নিহতের স্বজনরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছেন। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। স্থানীয় ইউপি সদস্য নূর আমিন শাহ জানান, শাকিল তার প্রতিবেশী এবং পারিবারিক কলহের জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তির কারণে ওই নারী সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিল, শ্বশুর মাহাতাব উদ্দিন ও শাশুড়ি ইসমত আরাকে থানায় নেয়া হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানিয়েছেন, মরদেহগুলোর ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :