Facebook Twitter Instagram YouTube

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করছে সরকার: ড. মঈন খান


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ / ০
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করছে সরকার: ড. মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সরকার শিশুদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুধবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

ড. মঈন খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের পূর্ণ নাগরিক হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া শুধু তাদের দায়িত্ব নয়, বরং বয়স্কদেরও একটি বড় দায়বদ্ধতা রয়েছে। তিনি স্পষ্ট করেন, শিশুরা যদি সঠিকভাবে গড়ে উঠতে ব্যর্থ হয়, তবে তার দায়ভার বর্তমান প্রজন্মের ওপরই বর্তাবে। তাই দেশের প্রতি ভালোবাসা থেকে সুনাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

শিশুদের অধিকার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী ভূমিকার কথা স্মরণ করে মন্ত্রী জানান, জাতিসংঘ বিশ্বজুড়ে শিশুদের অধিকারের বিষয়ে গুরুত্ব দেওয়ার ১৩ বছর আগেই ১৯৭৬ সালে জিয়াউর রহমান শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শিশুদের ভবিষ্যতের রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত শিশুরা শিশু অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে রইল।

সৃষ্টির চলমান চাকার সাথে শিশুদের তুলনা করে মন্ত্রী বলেন, পৃথিবী প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে চলেছে এবং শিশুরা সেই অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তিনি শিশুদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের পাশাপাশি বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত হওয়ার পরামর্শ দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin