Facebook Twitter Instagram YouTube

সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ভয়াবহ ড্রোন হামলা


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ /
সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুথিদের ভয়াবহ ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করে সৌদি আরবের জাহাজে আঘাত হানার পর থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হলো।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, তারা একটি ড্রোন ব্যবহার করে নাজরান বিমানবন্দরে সৌদির মালিকানাধীন একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠী দাবি করেছে, ড্রোনটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মুখপাত্র ইয়াহিয়া সারে আরও জানান, সৌদি আরব ড্রোন ব্যবহার করে ইয়েমেনের সায়াদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় রিয়াদের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ওই হামলা চালানো হয়েছে।

এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ওই বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। হুদাইদাহ-ভিত্তিক সরকার এক বিবৃতিতে হুথিদের বিরুদ্ধে বিস্ফোরক পুঁতে রাখার অভিযোগ করে বলেছে, গোষ্ঠীটির ব্যাপক ও নির্বিচার মাইন স্থাপনের ফলে এলাকাটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh