
টানা দুই কার্যদিবস দরপতনের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবার স্থিতিশীল হতে শুরু করেছে। বুধবার গ্রিনিচ মান সময় ১টা ১০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা প্রায় ০.৩৩ শতাংশ বেড়ে ৭৯.৬২ ডলারে পৌঁছেছে।
একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১২ সেন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৫.৯০ ডলারে লেনদেন হচ্ছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান এবং অবরুদ্ধ হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতির দিকে গভীর নজর রাখছেন। এই পরিস্থিতির কারণেই তেলের বাজারে সাময়িক স্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে।
কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ এড়াতে মধ্যস্থতাকারীরা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছেন, যার প্রভাব বিশ্ববাজারে পড়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার শুরুর দাবি করেছিলেন, তবে তেহরান তা সরাসরি অস্বীকার করেছে।
কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, মঙ্গলবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন।
আপনার মতামত লিখুন :