Facebook Twitter Instagram YouTube

আল-আকসার স্থিতাবস্থা রক্ষায় জর্ডানের জরুরি বৈঠক


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ /
আল-আকসার স্থিতাবস্থা রক্ষায় জর্ডানের জরুরি বৈঠক

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক ইসরাইলের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ক্রমবর্ধমান আশঙ্কায় একটি জরুরি বৈঠকের আয়োজন করেছে জর্ডান। এই পবিত্র স্থাপনার বর্তমান স্থিতাবস্থায় যেকোনো ধরনের পরিবর্তন পুরো মুসলিম বিশ্বে বড় ধরনের ধর্মীয় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে বলে সতর্ক করেছে আম্মান।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করছেন। মূলত ইসরাইলি উগ্রপন্থিদের ধারাবাহিক প্ররোচনা এবং আল-আকসা প্রাঙ্গণে তাদের অবৈধ প্রবেশের ঘটনার প্রেক্ষিতে এই উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। গত ২৩ জুলাই ইসরাইলের উগ্র জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় দুই হাজার অবৈধ বসতি স্থাপনকারী আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা ও ধর্মীয় আচার পালন করে।

জর্ডানের হাশেমী রাজপরিবারের তত্ত্বাবধানে থাকা এই পবিত্র স্থানে কেবল মুসলিমদের ইবাদতের বিধান রয়েছে। আম্মান এই ঘটনাকে আধুনিক ইতিহাসের অন্যতম গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়া আগামী সেপ্টেম্বরে ইহুদি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।

বৈঠকে ফিলিস্তিনিদের জর্ডানে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো ইসরাইলি প্রচেষ্টাকে 'রেড লাইন' হিসেবে ঘোষণা করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সাফাদি স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের যেকোনো পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জর্ডানের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে, গাজা সংকট ও আল-আকসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার জেরে তেল আবিব জর্ডানের পানির অংশীদারত্ব কমিয়ে দেওয়ায় দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কে চরম টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh