Facebook Twitter Instagram YouTube

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ ও ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা অনুষ্ঠিত


প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ণ / ০
ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ ও ব্যতিক্রমী বর্জ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ দূষণ রোধে নাগরিকদের সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ ‘ক্লিনিং ডে’ পালিত হয়েছে। মাসের প্রথম শনিবারের এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শনিবার শাহবাগে একটি ব্যতিক্রমী ‘বর্জ্য শোভাযাত্রা’র আয়োজন করা হয়। ডিএসসিসির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা কোনোভাবেই সম্ভব নয়। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা থেকে ঢাকাকে মুক্ত করতে হলে সবার আগে নাগরিকদের আচরণগত পরিবর্তন আনতে হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নতুন করে ডাস্টবিন স্থাপন করা হচ্ছে, যার ফলে যেখানে-সেখানে ময়লা ফেলার আর কোনো সুযোগ থাকবে না।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রত্যেকে যেন নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বিন বা ডাস্টবিন রাখেন এবং ড্রেনে কোনো ধরনের পলিথিন কিংবা বর্জ্য না ফেলেন। মশা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিশ্চিত করতে প্রতি মাসের প্রথম শনিবার এই বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন। এ ছাড়া পরিবেশ রক্ষা ও অক্সিজেনের ঘাটতি পূরণে তিনি বেশি করে গাছ লাগানোর ওপর বিশেষ জোর দেন।

উদ্বোধনের পর শাহবাগ এলাকা থেকে একটি সুসজ্জিত সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলাকালে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সাধারণ পথচারী ও নাগরিকদের মাঝে বর্জ্য ব্যবস্থাপনা এবং প্লাস্টিক দূষণ রোধ সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিন। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সচেতনতামূলক আয়োজনে অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy