
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, সিআইডির অনুরোধের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তিনি জানান, সিআইডিতে দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং সেই মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সিআইডিতে তার বিরুদ্ধে ঠিক কী ধরনের মামলা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ডিবি প্রধান।
এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালাকে র্যাব গ্রেপ্তার করেছিল। সে সময় তার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছিল। ওই দিন মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে র্যাব অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্তি পান।
আপনার মতামত লিখুন :