Facebook Twitter Instagram YouTube

সাপ্তাহিক লেনদেনে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪৬৩৬ কোটি টাকা


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ / ০
সাপ্তাহিক লেনদেনে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪৬৩৬ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে বড় ধরনের মন্দার মধ্য দিয়ে পার করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সপ্তাহজুড়ে মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি কমেছে বাজার মূলধন এবং দৈনিক লেনদেনের পরিমাণ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এই চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক 'ডিএসইএক্স' ৪৬ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৫৩১ পয়েন্টে নেমে এসেছে। একই সাথে শরিয়াহ সূচক 'ডিএসইএস' ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট হ্রাস পেয়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকের পাশাপাশি বিদায়ী সপ্তাহে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩ হাজার ৫৩০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা।

সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৮৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দর হারিয়েছে ২৮০টি প্রতিষ্ঠানের শেয়ার এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের মূল্য।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din