Facebook Twitter Instagram YouTube

দুর্গাপূজার নিরাপত্তায় গাফিলতি বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী টুকু


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ / ০
দুর্গাপূজার নিরাপত্তায় গাফিলতি বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী টুকু

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পূজামণ্ডপসমূহের নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বিকেলে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা জেলা ও মহানগর এলাকার পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূজা শুরুর আগেই সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও মহড়া জোরদার করার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোররাতের নিরাপত্তা ও পাহারা আরও জোরদার করতে হবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং মহানগর এলাকায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও পুলিশের মহাপরিদর্শকের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের ওপর জোর দিয়ে তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তার মূল দায়িত্ব সংশ্লিষ্ট কমিটিকে নিতে হবে। কোনো নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এ দেশের মানুষ পরস্পরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে আসছে। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী সবসময় বলেন, "এ দেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু হিসেবে বিভাজনের কোনো সুযোগ নেই-আমরা সবাই বাংলাদেশি।" তাই দেশপ্রেমকে ধারণ করে সবাইকে সাথে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কাজ করতে হবে।

পূজামণ্ডপে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, নারী ও পুরুষের চলাচল ব্যবস্থাপনায় পৃথক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ এবং নিরাপত্তায় আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের ব্যবস্থা থাকবে। এছাড়া বিসর্জনকে কেন্দ্র করে মাদক সেবনসহ কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন শেষ করতে স্থানীয় প্রশাসন ও পূজা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-১১ এর সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin