Facebook Twitter Instagram YouTube

মীরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে প্রথম পণ্য রপ্তানি শুরু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ /
মীরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে প্রথম পণ্য রপ্তানি শুরু

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে প্রথমবারের মতো পণ্য রপ্তানি শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের তামাক প্রক্রিয়াজাতকরণ মেশিনারি রপ্তানির মধ্য দিয়ে শিল্পাঞ্চলটির বাণিজ্যিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এই সাফল্যের ফলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন চালু শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়াল ১০টিতে, যার মধ্যে ৮টি ইপিজেড ও ২টি অর্থনৈতিক অঞ্চল।

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড গত ৩ সেপ্টেম্বর রপ্তানির অনুমতি পায়। এর ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের টোব্যাকো মেশিনারি রপ্তানি করে প্রতিষ্ঠানটি। সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছিল। ৩ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে বর্তমানে ২৯ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন এবং এটি শতভাগ রপ্তানিমুখী তামাকজাত পণ্য তৈরির যন্ত্রপাতি উৎপাদন করে।

বেপজা জানিয়েছে, অর্থনৈতিক অঞ্চল-২-এ শিল্প প্লট বরাদ্দ পাওয়া ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে লিজ টোব্যাকো মেশিনারি প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করল। এছাড়া আরও তিনটি প্রতিষ্ঠান শীঘ্রই উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করবে এবং বাকি ১৪টি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণকাজ চলমান রয়েছে।

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান বলেন, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। এই প্রেক্ষাপটে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানি শুরু হওয়া বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও গন্তব্য বহুমুখীকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

উল্লেখ্য, মীরসরাইয়ে ১ হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জমির ওপর বেপজা অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠা করা হয়। প্রশাসনিক ও পরিচালনাগত কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে একে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২ নামে দুটি পৃথক জোনে ভাগ করা হয়েছে। বেপজার তথ্য অনুযায়ী, অর্থনৈতিক অঞ্চল-১ ও ২ মিলিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এবং পর্যায়ক্রমে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin